আন্তর্জাতিকপ্রধান সংবাদ

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জানান।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। আইজেনকোটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন, আর নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। তবে সংসদ সদস্যদের মধ্যে ৬৭ জন আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন।

সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে। তবে আরব দলগুলোর সমর্থন থাকলেও তাদের নিয়ে সরকার গঠনে আগ্রহী নন তিনি। দুটি অতি-ধর্মীয় দলের সমর্থন পেলে সংসদে প্রয়োজনীয় ৬১টি আসনের সমর্থন পেতে পারেন আইজেনকোট।

এদিকে আরব দলগুলোর নেতা আহমাদ তিবি জানিয়েছেন, নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোই তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, আরব দলগুলোর সমর্থনে বিরোধীরা সরকার গঠন করলে ইসরায়েল রাষ্ট্র ভেঙে পড়তে পারে।

আইজেনকোট নির্ধারিত সময়ে সরকার গঠনে ব্যর্থ হলে অন্য প্রার্থীকে দায়িত্ব দেওয়া হবে। শেষ পর্যন্ত কেউ সরকার গঠন করতে না পারলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। তত দিন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন নেতানিয়াহু।

 

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 November 2026

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

chitrodesh.com