গল্প-কবিতা

লেখক সমরেশ মজুমদার আইসিইউতে

আন্তর্জাতিক ডেস্ক:
প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ঔপন্যাসিক সমরেশ মজুমদার। তাকে ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে তিনি করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খবর জিনিউজের।

চিকিৎসকরা জানাচ্ছেন, সমরেশ মজুমদারের গত ১০-১২ বছর ধরে COPD-(ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)- এর সমস্যা রয়েছে। সিওপিডি হলো ফুসফুসের একধরনের জটিল রোগ। এতে শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়।

জিনিউজের খবরে বলা হয়, সমরেশ মজুমদারের ২০১২ সালেও তিনি একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেসময়ও তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ঔপন্যাসিক হিসাবে বহুবছর ধরে বাংলার পাঠক মনে বিশেষ জায়গা করে নিয়েছেন সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার ও ১৯৮৪ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান তিনি। বেশকিছু জনপ্রিয় টিভি ধারাবাহিকের কাহিনীও তার লেখা। বর্তমানে তার বয়স ৭৬ বছর।

সমরেশ মজুমদার ১৯৪২ সালের ১০ মার্চ ডুয়ার্সের গয়েরকাটায় জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস ‘দৌড়’। এরপর একে একে সাতকাহন, গর্ভধারিনী, মেয়েরা যেমন হয়, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস উপহার দিয়েছেন তিনি।

চিত্রদেশ//এফটি//

 

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 June 2021

লেখক সমরেশ মজুমদার আইসিইউতে

chitrodesh.com