প্রধান সংবাদরাজনীতি

শিগগির গ্রেনেড হামলার আপিল শুনানি: কাদের

স্টাফ রিপোর্টার:
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে আপিল শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

গ্রেনেড হামলার বিচারকাজ নিয়ে কাদের বলেন, (নিম্ন আদালতে) বিচার শেষ হয়েছে। এখন সেটি উচ্চ আদালতে আপিল শুনানিতে আছে। করোনার কারণে বিলম্ব হলেও অচিরেই শুনানি হবে বলে মন্ত্রী (আইনমন্ত্রী) মহোদয় সূত্রে জানতে পেরেছি।

কাদের বলেন, সেদিন (২১ আগস্ট) প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে ওই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী।

এ সময় আইভি রহমানকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, আমি আজ আইভি রহমানসহ সেদিন নিহত সবাইকে স্মরণ করছি। তার মধ্যে কখনো অহম বোধ দেখিনি, এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা যায়। তিনি কখনো সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিনও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।

এর আগে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতারা আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 August 2021

শিগগির গ্রেনেড হামলার আপিল শুনানি: কাদের

chitrodesh.com