গল্প-কবিতা

রাজশাহীতে দুই দিনের জীবনানন্দ কবিতামেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনের জীবনানন্দ কবিতামেলা। কবিদের সংগঠন ‘কবিকুঞ্জ’ নগরীর শাহমখদুম কলেজ মাঠে এর আয়োজন করেছে। শুক্রবার সকালে কবি মাকিদ হায়দার মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, কবিকুঞ্জ সারাবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে বিভিন্ন ক্ষেত্রের দিকপালদের সমাগত ঘটে। আগামীতে বারেবারে এই রকম অনুষ্ঠান রাজশাহীতে হবে- এই কামনা করি।

সম্মানিত অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি বলেন, আমাদের বহির কাঠামো একটু আকটু ঠিক হচ্ছে, তেমনি আমাদের অন্তর কাঠামোর সামগ্রিকভাবে উন্নয়ন প্রয়োজন আছে। পশ্চাতে রেখেছ যারে, সে তোমাকে পশ্চাতে টানিছে- এই কথাটি দেশের মানুষকে মনে রাখতে হবে। যতই তুমি দেশের সাধারণ মানুষকে পেছনে ফেলে রাখবে, ততই তোমার পিছন টান পড়বে, সামনে এগুতে পারবে না। পৃথিবীর বড় বড় দেশে এটি ঘটে না, দুর্ভাগ্যক্রমে এখনো আমরা এই ধরনের সমাজ নির্মাণ করতে পারিনি। চেষ্টা চালাতে হবে।

কবিকুঞ্জ সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য দেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহীর সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন, অর্থনীতিবিদ ও বরীন্দ্র গবেষক প্রফেসর সনৎ কুমার সাহা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য কবি আসাদ মান্নান, কবি ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজা প্রমুখ।

উদ্বেধনী অনুষ্ঠানে কবিকুঞ্জ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দুই বাংলার প্রখ্যাত কবি, লেখক ও সাহিত্যিকরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, ছোট গল্পপাঠ, একক ও দলীয় আবৃত্তি এবং আলোচনা। অষ্টমবারের মতো আয়োজিত এই কবিতামেলা শেষ হবে শনিবার।

শেষ দিন প্রদান করা হবে কবিকুঞ্জ পদক। এবার কবিকুঞ্জ পদক পাবেন কবি শিবলী মোকতাদির। এছাড়া কবিকুঞ্জ ছোটকাগজ সম্মাননা পাবেন অরণী সম্পাদক কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 November 2019

রাজশাহীতে দুই দিনের জীবনানন্দ কবিতামেলা

chitrodesh.com