প্রধান সংবাদ

বিয়ে করলেন নোবেলজয়ী মালালা

আন্তর্জাতিক ডেস্ক:

বিয়ে করলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বার্মিংহামে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে বসল পাকিস্তানি কন্যার বিয়ের আসর। পাত্রের নাম অসর মালিক। অসর পাক ক্রিকেট বোর্ডের কর্তা।

মঙ্গলবার অসরের সঙ্গে তার বিয়ের খবর টুইটারে জানান নোবেলজয়ী। বিয়ের ছবি পোস্ট করে মালালা লেখেন, ‘আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। অসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁটছড়া বাঁধলাম।’

একে তো নোবেলজয়ীর বিয়ের আসর, তার উপর মালালা তার জীবনযুদ্ধের জন্য আন্তর্জাতিক মহলে পরিচিত। তবে বিয়ের আসরে জাঁকজমক ছিল না একেবারেই।

মালালা লিখেছেন, ‘বার্মিংহামের বাড়িতেই পরিবার-পরিজনের সামনে একটা ছোট ঘরোয়া নিকাহ অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করেছি।’

বিয়ের সাজপোশাকে বাহুল্য ছিল না মালালার। পিচ রঙের সালোয়ার কামিজ পরেছিলেন তিনি। মাথায় ছিল ওড়না। স্বামী এবং বাবা-মায়ের সঙ্গে ছবি দিয়ে টুইটারে মালালা লিখেছেন, ‘আপনারা আশীর্বাদ করুন। আগামীর সফরে একসঙ্গে শুরু করার এই মুহূর্তে আমরা বেশ উত্তেজিত।’

মালালার বয়স এখন ২৪ বছর। পাকিস্তানের এই কন্যা মেয়েদের শিক্ষা নিয়ে আন্দোলন করেছেন। তবে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ার জন্য তালিবানের গুলিও খেতে হয়েছে তাঁকে। সেটা ২০১২ সাল। এর পর ১৬ বছর বয়সে রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেন মালালা। শিক্ষার অধিকারে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন তিনি। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে। ২০২০ সালে মালালার নামে স্কুলও খোলা হয় টেক্সাসে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 November 2021

বিয়ে করলেন নোবেলজয়ী মালালা

chitrodesh.com