প্রধান সংবাদ

সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৭১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ৩৬০ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৯৪৩টি ভিসা ইস্যু করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্য মতে, ১৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৯টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ পুরুষ ও এক নারী। তারা হলেন জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০), চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩), রংপুরের পীরগঞ্জের সাহেব উদ্দীর (৬৯) ও চাঁদপুরের কচুয়া উপজেলার বশির হোসেন (৭৪)।

সৌদি পৌঁছে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১৮ জন। এছাড়া সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 May 2025

সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী

chitrodesh.com