পজিটিভ বাংলাদেশপ্রধান সংবাদ

সঞ্চয় ও গহনা বিক্রির অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করলেন জাহানারা

নিজস্ব প্রতিবেদক
নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ জমিয়ে এবং নিজের শখের প্রায় ৭০ ভরি স্বর্ণের গহনা বিক্রির প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এলাকাবাসীর জন্য মসজিদ ও মাদরাসা নির্মাণ করে নিজের স্বপ্ন পূরণ করেছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের দর্শনদিয়া গ্রামের মহীয়সী নারী উদ্যোক্তা মোছা: জাহানারা খাতুন।

শুক্রবার (৮ মার্চ) জুম্মার নামাজের আগে মহরম আব্দুল জলিল বায়তুল নূর জামে মসজিদ ও মাদ্রাসা উদ্বোধন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম। সাদা ধবধবে সুন্দর কারু শৈলীর মসজিদটি দেখার ও প্রথমদিন নামাজ পড়ার জন্য বিপুল সংখ্যক নামাজী উপস্থিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা মোছা: জাহানারা খাতুন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জাহানারা খাতুন বলেন, যখন থেকে আমি ব্যবসা শুরু করি তখন থেকে আমি নিয়ত করি একটি মসজিদ নির্মাণ করব। তখন থেকে তিল তিল করে সঞ্চয় করতে থাকি। আর আমার শখের জন্য প্রায় ৭০ ভরি স্বর্ণের গয়না জমিয়ে ছিলাম। সেই স্বর্ণগুলো বিক্রি করে ও আমার দুটি বাড়ি আছে সেখান থেকেও কিছু ভাড়া আসে, সেই বাড়ি দুটির দেড় বছরের ভাড়া দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছি। এছাড়াও আমার পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, এই মসজিদ ও মাদরাসা পরিচালনার জন্য এলাকাবাসী উপযুক্ত কমিটি করে নেবে। আর আমি সাধ্যমতো সহযোগিতা করে যাব।

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 March 2024

সঞ্চয় ও গহনা বিক্রির অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করলেন জাহানারা

chitrodesh.com