অপরাধ ও আইনপ্রধান সংবাদ

অমির বিরুদ্ধে আরো এক মামলা

স্টাফ রিপোর্টার:
বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে এবার মানবপাচারের অভিযোগে মামলা হয়েছে। রাজধানীর দক্ষিণখান থানায় এক ভুক্তভোগী এ মামলা করেন।

শনিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন। তিনি বলেন, মামলায় অমি ছাড়া আরো পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো পাঁচ-সাতজনকে।

মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে অমির বিরুদ্ধে চারটি মামলা দায়ের হলো।

এর আগে গত মঙ্গলবার (১৫ জুন) বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে অমির দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় অমি ও তার দুই সহযোগীকে আসামি করা হয়।

এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া বলেছিলেন, দক্ষিণখান এলাকায় আশকোনা হাজী ক্যাম্প সংলগ্ন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে তুহিন সিদ্দিকী অমির একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানকার দুই কর্মকর্তা বাছির ও মশিউর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযান চালিয়ে ঢাকা জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করে। সেই মামলায় বাছির ও মশিউরকে গ্রেপ্তার দেখানো হয়েছেন। মামলাটি পাসপোর্ট অ্যাক্টে করা। এসময় তাদের কাছ থেকে ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়।

প্রসঙ্গত, নায়িকা পরীমনির করা মামলায় গ্রেপ্তার করা হয় অমিকে। গ্রেপ্তারের সময় অমির বাসা থেকে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাকে সাতদিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। বর্তমানে তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 June 2021

অমির বিরুদ্ধে আরো এক মামলা

chitrodesh.com