প্রধান সংবাদ

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় একজন নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২১ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি এলাকায় এসব ঘটনা ঘটে। এ হামলায় গুলিবিদ্ধ হয়েছেন নৌকা প্রতীকের পাঁচ সমর্থক। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

হামলায় ককটেল বিস্ফোরণে সময় আতঙ্কে স্ট্রোক করে আবদুল হক (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার স্বজনদের দাবি, মারধর করে হত্যা করা হয় আবদুল হককে। নিহত আবদুল হক স্থানীয় মঞ্জিল হকের ছেলে।

এদিকে নৌকার প্রার্থী আফসারউদ্দিন ভূঁইয়ার সমর্থকদের ওপর স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকদের হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল চরকেওয়ার ইউনিয়নে। রোববার (২১ নভেম্বর) রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকরা অতর্কিত হামলা চালায় নৌকার প্রার্থী আফসারউদ্দিন ভূঁইয়ার সমর্থকদের ওপর। হামলা চলে ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি এলাকায়। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। ভাঙচুর চালায় অর্ধশতাধিক ঘরবাড়িতে। এ সময় হামলায় নৌকার সমর্থক শরীফ, সাইফুল, নাজমুল, বাবু হালদার, মনির ও রমজান গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।

মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ জানান, নিহত ব্যক্তির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রাতে পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে তিনজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অন্য দুজনের চিকিৎসা চলছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি স্ট্রোক করে মারা যান। ময়নাতদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে। তবে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 November 2021

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

chitrodesh.com