প্রধান সংবাদ

প্রতিদিন প্রতি মুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ভাগ্য হলো এই সংসদের একের পর এক সদস্য হারাচ্ছি। এই সংসদে আমরা এতজন সংসদ সদস্য হারালাম, এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন প্রতি মুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

মঙ্গলবার (‌১৪ সেপ্টেম্বর) একাদশ সংসদের চলতি চতুর্দশ অধিবেশনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আরো একজন সংসদ সদস্যকে হারালাম। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসম্মত মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক, নারী উদ্যোক্তা, খেলাধুলাসহ নারীদের নতুনভাবে প্রেরণা যুগিয়েছেন। এরকম বহুগুণ সম্পন্ন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতিসাধন হলো।

তিনি বলেন, দুর্ভাগ্য হলো এই সংসদের একের পর এক সদস্য হারাচ্ছি। এবার যখন শুরু করলাম দুই জন সংসদ সদস্য হারালাম। আবার এবার মুলতবি অধিবেশনের আগে কালকেই (গতকাল) খবর পেলাম এই মৃত্যুর খরব। সত্যি খুবই হৃদয় ভারাক্রান্ত হলো।

মাসুদা রশীদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকার প্রধান বলেন, তিনি খুবই মিষ্টিভাষী ও জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বেঁচে থাকলে সমাজকে ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরো অনেক অবদান রাখতে পারতেন। তার মৃত্যু আমাদের সমাজের যথেষ্ট ক্ষতি সাধন করল। তার বহুমুখী প্রতিভা নারী সমাজকে প্রেরণা দেবে। সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগাবে।

দেশবাসীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা মেনে চলি। যারা টিকা নিয়েছেন তাদেরকেও বলব স্বাস্থ্যবিধি যেন মেনে চলেন। দেশের মানুষ ও প্রবাসের সবার মঙ্গল কামরা করছি।

চলতি অধিবেশনে তিনজন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 September 2021

প্রতিদিন প্রতি মুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না: প্রধানমন্ত্রী

chitrodesh.com