প্রধান সংবাদবিনোদন

ঢাকার আশপাশে হবে আরো ৪ বাস টার্মিনাল: তাপস

স্টাফ রিপোর্টার:
গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকার আশপাশে চারটি বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম।

বুধবার সকালে ঢাকার অদূরে সাভারের ভাটুলিয়া ও বিরুলিয়া এলাকায় জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই মেয়র।

দুই মেয়র বলেছেন, রাজধানীতে যাতে আন্তজেলা বাসগুলো প্রবেশ না করে ও সেখানে শুধু সিটি সার্ভিসগুলো চলে সেই চিন্তাভাবনা করা হচ্ছে।

পরিদর্শনকালে ডিএসসিসি মেয়র তাপস বলেন, তারা পুরো গণপরিবহন ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে আনতে চান। সে লক্ষ্যে কাজ শুরু করেছেন। আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণে ১০টি জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে চারটি স্থান পরিদর্শন করা হয়েছে। স্থান চারটি গ্রহণযোগ্য হতে পারে।

প্রথমে দুই সিটি মেয়র ভাটুলিয়া বিরুলিয়া এলাকা পরিদর্শন করেন। পরে হেমায়েতপুরে আরেকটি জায়গা পরিদর্শনে যাবেন। পরবর্তী সময়ে কাঁচপুর ও কেরানীগঞ্জে নির্ধারণ করা দুটি জায়গায় যাবেন। এসব জায়গা দেখে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সভায় সিদ্ধান্ত নেবেন।‌ এরপর সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাবেন।

এদিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত রুটে আগে ১৬০টি বাস ২৯টির মতো কোম্পানির মাধ্যমে পরিচালিত হতো। প্রতিযোগিতা করে তারা সড়কে বাস চালাত। তারা সেটি একটি কোম্পানির মাধ্যমে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন। বাসমালিক–শ্রমিকদের সঙ্গে তাদের কথা হয়েছে। তারা সবাই চান, রাজধানীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শহরের বাস শহরের মধ্যে চলবে।

ডিএনসিসির মেয়র আরো বলেন, শহরের বাস শহরের ভেতর চলবে। বিভিন্ন জেলার বাস ঢাকার আশপাশে নির্ধারিত বাস টার্মিনালে এসে থামবে। এতে শহরের মধ্যে বাস প্রতিযোগিতা করে চালানো বন্ধ হবে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল সিটি টার্মিনাল হিসেবে পরিচালিত হবে। আন্তজেলা বাস এগুলো টার্মিনাল হিসেবে ব্যবহার করছে। ফলে সিটি বাসগুলো এসব জায়গা টার্মিনাল হিসেবে ব্যবহার করতে পারছে না। এ অবস্থার পরিবর্তন ঘটাতেই তারা উদ্যোগ নিয়েছেন।

চিত্রদেশ//এলএইচ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
23 December 2020

ঢাকার আশপাশে হবে আরো ৪ বাস টার্মিনাল: তাপস

chitrodesh.com