অন্যান্যপ্রধান সংবাদ

ফায়ার সার্ভিসে ৩ ডিজিটের হটলাইন নম্বর চালু

নিজস্ব প্রতিবেদক:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২।

বৃহস্পতিবার (৬ জুন) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২। জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিঅ্যান্ডটি ছাড়া অন্য সকল অপারেটর থেকে এই সেবা গ্রহণ করা যাচ্ছে শিগগিরই। টিঅ্যান্ডটি থেকেও এই সেবা পাওয়া যাবে।

উল্লেখ্য, বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরও সচল থাকবে। তবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪-এর পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে; তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ইতোপূর্বে ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল; সেবা প্রাপ্তি আরও সহজ করতে ফায়ার সার্ভিস ৩ ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করে।

জরুরি সময়ে বিপদগ্রস্ত মানুষের দ্রুত সহযোগিতা নেয়ার সুবিধার্থে ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২ প্রচার করার জন্য সকল শ্রেণিপেশার মানুষকে অনুরোধ জানানো হলো।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 June 2024

ফায়ার সার্ভিসে ৩ ডিজিটের হটলাইন নম্বর চালু

chitrodesh.com