প্রধান সংবাদবইমেলা

লন্ডন-বাংলা বইমেলা এবারও ভার্চুয়া‌লি হচ্ছে

স্টাফ রিপোর্টার:
স্বাধীনতার ৫০ বছর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দুই দিনব্যাপি ভার্চুয়া‌লি শুরু হচ্ছে লন্ডন বাংলা বইমেলা। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে।

লেখক-পাঠক-প্রকাশকের পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্য নিয়েই আয়োজিত হয় লন্ডন বাংলা বইমেলা। ২০১০ সালে শুরু হওয়া এই উদ্যোগ এ বছর এক যুগে পা রাখ‌বে। বৈশ্বিক সংকটের কারণে ২০২০ সালের মতো এ বছরও ভার্চুয়াল মেলা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছেন আয়োজকরা।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের উল্লেখযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠান এ বছর বইমেলায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবে।

এ বছর মেলায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ১১টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- ঐতিহ্য, ভাষাচিত্র, ধ্রুবপদ, বাঙলায়ন, মূর্ধন্য, মুক্তদেশ, প্রিয়মুখ, বইপত্র প্রকাশন, পরিবার পাবলিকেশন্স, পেন্সিল পাবলিকেশন্স ও প্রতিভা প্রকাশ।

এছাড়াও বইমেলায় কলকাতা থেকে অংশ নেবে অভিযান পাবলিশার্সসহ আরও কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান।

দুই দিনব্যাপী বইমেলায় নির্বাচিত সাহিত্য ও সাহিত্যের সংকট উত্তরণ নিয়ে কথা বলবেন সম্মানিত আলোচকরা। সাহিত্য আলোচনার পাশাপাশি থাকবে কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুতোষ আয়োজন।

দুই দিনব্যাপী ভার্চুয়াল এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিদেশবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি।

বইমেলার উদ্বোধন করবেন মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এবং বইমেলার সমন্বয়ক সালেহা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্যের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম মোস্তফা।

সাহিত্যের পাশাপাশি চার দেশের শিল্প-সংস্কৃতির মেলবন্ধন গড়ে উঠবে লন্ডন বাংলা বইমেলায়- এমনটাই ধারণা করছেন সুধীজনরা। লন্ডন বাংলা বইমেলা সমন্বয় কমিটি গত ১২ বছর ধরে আলো ছড়ানো লন্ডন বাংলা বইমেলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের সফল আয়োজক হিসেবে সুনাম অর্জন করেছে। উৎসবের সহযোগী সংগঠন হিসেবে আছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যুক্তরাজ্য।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 September 2021

লন্ডন-বাংলা বইমেলা এবারও ভার্চুয়া‌লি হচ্ছে

chitrodesh.com