প্রধান সংবাদ

পাইলটের হার্ট অ্যাটাক, যেভাবে প্রাণে বাঁচল বাংলাদেশ বিমানের যাত্রীরা

স্টাফ রিপোর্টার:
ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট। এর ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান বাংলাদেশের যাত্রীরা।

শুক্রবার ১১টা ৪০ মিনিটে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা ফ্লাইটটি। ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন।

হিন্দুস্তান টাইমস জানায়, মাস্কাট থেকে উড্ডয়ন করা বিমানটির ৪৬ বছর বয়সি ক্যাপ্টেন নওশাদ ১১টার দিকে রায়পুরের কাছাকাছি হালকা অসুস্থতা বোধ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এসময় দ্রুতই পরিস্থিতির গুরুত্ব আঁচ করে তিনি এবং সহকারী পাইলট কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন।

এরপর ১১টা ৪০ মিনিট নাগাদ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় ওই বিমান থেকে। পরে নাগপুর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে ওই বিমানটিকে অবতরণ করানো হয়। অবতরণের পর হোপ হাসপাতালে পাইলটের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

মাস্কাট থেকে বিজি-২২ ফ্লাইটের এক যাত্রী জানান, মাস্কাটে ৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে সাড়ে ৬টায় বিমানে তোলা হয়। তবে বিমানটি পুশ ব্যাক করার সময় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরে অবশ্য নাগপুরে এটি জরুরি অবতরণ করে।

বর্তমানে বিমানের যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অপেক্ষা করছেন।

বিমানের এমডি আবু সালেহ মোস্তফা কামাল বলেন, পাইলটের হার্ট অ্যাটাক হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এখন সুস্থতার দিকে তিনি। ফ্লাইট এবং যাত্রীদের আনার জন্য দুইজন পাইলট ও দুইজন ককপিট ক্রু ভারত যাচ্ছেন।

 

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 August 2021

পাইলটের হার্ট অ্যাটাক, যেভাবে প্রাণে বাঁচল বাংলাদেশ বিমানের যাত্রীরা

chitrodesh.com