অর্থ-বাণিজ্য

রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির বছর ২০১৯

স্টাফ রিপোর্টার:
বৈধ পথে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে নগদ প্রণোদনা ঘোষণার পর থেকে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। প্রতি মাসেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। ২০১৯ সালে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৮৩৪ কোটি ডলার (১ লাখ ৫৫ হাজার ৭০৬ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে। একক বছরে এটি সর্বোচ্চ পরিমাণ। রেমিট্যান্স বৃদ্ধির হারও অনেক বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে প্রবাসীরা ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০১৮ সালের ডিসেম্বরে যা ছিল ১২০ কোটি ডলার। এ হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪০ শতাংশ। ২০১৮ সালে রেমিট্যান্স আসে ১ হাজার ৫৫৪ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৮ শতাংশ। গত পাঁচ বছরের মধ্যে দুই বছর রেমিট্যান্স প্রবাহ কম ছিল। ২০১৫ সালে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২ দশমিক ২০ শতাংশ বেড়ে হয় ১ হাজার ৫২৭ কোটি ডলার। কিন্তু ২০১৬ সালে কমে যায় প্রায় ১১ শতাংশ। ওই বছর অবৈধপথে মোবাইল ব্যাংকিংয়ে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স আসার প্রবণতা বেড়ে যাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স আসে ১ হাজার ৩৬১ কোটি ডলার। পরের বছর আরও কমে হয় ১ হাজার ৩৫২ কোটি ডলার। ২০১৮ সালে হুন্ডি প্রতিরোধে ব্যবস্থা নেওয়ায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ে প্রায় ১৫ শতাংশ।

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা ঘোষণা করা হয়। গত অক্টোবর থেকে তা কার্যকর হয়। গত ছয় মাসে প্রণোদনা হিসেবে ১ হাজার ৫৩০ কোটি টাকা খরচ করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, নগদ প্রণোদনা দেওয়ার পর থেকেই রেমিট্যান্স প্রবাহ অনেক বাড়ছে। বছর শেষে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে। আশা করছি, নতুন বছরে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 January 2020

রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির বছর ২০১৯

chitrodesh.com