প্রধান সংবাদ

সাশ্রয়ী মূল্যে সবার টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
ধনী ও দরিদ্র দেশগুলোর মধ‌্যে করোনার টিকাপ্রাপ্তিতে বৈষম‌্য বাড়ছে, উল্লেখ করে সবার জন্য ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। আমরা পুরোপুরি নিরাপদও থাকতে পারব না।’

বাংলাদেশ সময় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এই মহামারি এমন একটি সঙ্কট, যেখান থেকে বহু মানুষের টিকে থাকার অনুপ্রেরণামূলক এবং উদারতার উদাহরণ সৃষ্টি হয়েছে। দুঃখজনক হলেও এই মহামারি আরও কিছুদিন স্থায়ী হবে বলে মনে হচ্ছে। এ অভিন্ন শত্রুকে মোকাবিলার জন্য অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন আমাদের অনেক বেশি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।’ এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন শেখ হাসিনা।

কোভিডমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে টিকার সর্বজনীন ও সাশ্রয়ী মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গত বছর এ মহতী অধিবেশনে আমি কোভিড-১৯ টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম। বিশ্বনেতাদের অনেকে তখন এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন। সে আবেদনে তেমন সাড়া পাওয়া যায়নি। বরং আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। বিশ্বব্যাংকের তথ্য মতে, এ যাবৎ উৎপাদিত টিকার ৮৪ শতাংশ উচ্চ ও উচ্চ মধ্যম আয়ের দেশগুলোর মানুষের কাছে পৌঁছেছে। অন্যদিকে, নিম্ন আয়ের দেশগুলো ১ শতাংশরেও কম টিকা পেয়েছে।’

‘জরুরি ভিত্তিতে এ টিকা বৈষম্য দূর করতে হবে। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। আমরা পুরোপুরি নিরাপদও থাকতে পারব না। তাই, আমি আবারও আহ্বান জানাচ্ছি, সবার জন্য ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।’

অবিলম্বে টিকা প্রযুক্তি হস্তান্তর টিকার সমতা নিশ্চিত করার একটি উপায় হতে পারে, উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও বিপুল পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম।’

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 September 2021

সাশ্রয়ী মূল্যে সবার টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

chitrodesh.com