প্রধান সংবাদ

সাংবাদিক হাবীবুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। দৈনিক সময়ের আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক ছিলেন তিনি ।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিলে এ দুর্ঘটনায় ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় হাবীবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক বলেন, বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালে মসজিদের সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় বলে আমরা জানতে পারি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী তাকে উদ্ধার করে ঢামেকে আনেন। ওই পথচারী জানিয়েছেন যে, হাতিরঝিল আকিজ বিল্ডিংয়ের পাশে ফুটপাতে মোটরসাইকেল নিয়ে পড়েছিল হাবীবুর রহমান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

পথচারী বলেন, হাবীবুরের মুখে অনেক আঘাত ছিল। দেখে মনে হচ্ছে সে ফুটপাতের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছে। তার কাছে একটি আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে ‌‘সিনিয়র রিপোর্টার, দৈনিক সময়ের আলো’ লেখা রয়েছে। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর হাবীব রহমান সময়ের আলোতে যোগদানের আগে বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। দৈনিক সময়ের আলোর হয়ে সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছিলেন । সাড়াজাগানো প্রতিবেদনের জন্য তিনি সময়ের আলোর ‘মাসসেরা রিপোর্টার’ সম্মাননাও পেয়েছিলেন। ব্যক্তিগতজীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 January 2022

সাংবাদিক হাবীবুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত

chitrodesh.com