অপরাধ ও আইনপ্রধান সংবাদ

সড়কে গাছ ফেলে যানবাহনে ঘণ্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে বাগড়াবাড়ি নামক এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টায় বিভিন্ন যানবাহনে ঘণ্টাব্যাপী ডাকাতির এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি আবু জাফর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ওই সড়কে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপভ্যানে ডাকাতি চালায়। এতে বাধা দিতে গিয়ে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভেতরের বাগরাবাড়ি নামক স্থানে রাত সাড়ে ৯টার দিকে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি শুরু করা হয়। ডাকাত দলটি দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী ২০ থেকে ২৫টি যানবাহনের গতিরোধ করে ডাকাতি করে। তাদের সবার মুখোশ পরা ছিল।

এ সময় যানবাহনের চালক ও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করা হয়। ডাকাতদের হামলায় আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজনের নাম জানা গেছে। আহতরা হলেন- ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদ। এ ঘটনার খবর পেয়ে রাত ১০টার পর কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সড়কে ফেলে রাখা গাছ সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামরুজ্জামান বলেন, আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 June 2025

সড়কে গাছ ফেলে যানবাহনে ঘণ্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতি

chitrodesh.com