প্রধান সংবাদরাজনীতি

সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো: নাহিদ

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সংস্কারের পরই জাতীয় নির্বাচন নিয়ে ভাববেন তারা।

গত রোববার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করে নাহিদ বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন; যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি, এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ বিপক্ষ করি নাই। আমরা শুধু বলেছি- সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতেও আমাদের আপত্তি নাই।’

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে নাহিদ বলেন, ‘নির্বাচন পেছানো বা এ ধরনের কথাগুলো কেবলই গালগল্প। আসন সমঝোতা নিয়েও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সংস্কারকে।’

তিনি আরও বলেন, ‘বিপ্লবের পর জনগণের কাছে আমরা যাতে বলতে পারি— দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 August 2025

সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো: নাহিদ

chitrodesh.com