প্রধান সংবাদ

রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে মন্ত্রীর অফিসে সাংবাদিকদের প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, ‘আমি শুধু এইটুকু বলব, এ রকম একটি ঘটনায় সরকার ও সাংবাদিকদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হোক- এ রকম কোনো সন্দেহ যদি থাকে, তাহলে সরকার সেটি দূর করার চেষ্টা করবে। পরশুদিন বোধ হয় জামিনের শুনানি আছে, সেটি আদালত নিশ্চয়ই দেখবেন, সবকিছু বিবেচনা করবেন। আমিও প্রসিকিউশনকে মামলাটা খতিয়ে দেখার জন্য বলবো। তবে এটুকু বলতে পারি অবশ্যই তিনি (রোজিনা ইসলাম) ন্যায়বিচার পাবেন।’

এর আগে রাত ৯টায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাসের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল আইনমন্ত্রীর অফিসে যান।

প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা রোজিনা ইসলামকে অবরুদ্ধ করেন। পাঁচ ঘণ্টা অবরুদ্ধের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়। নথি সরানোর অভিযোগে রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা ও পেনাল কোডের ৩৭৯ ও ৪১১ ধারায় রোজিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রাতেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 May 2021

রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন: আইনমন্ত্রী

chitrodesh.com