প্রধান সংবাদ

রোজিনা যাতে সুবিচার পান সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে:তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
সাংবাদিক রোজিনা ইসলাম যাতে সুবিচার পান সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান।

এর আগে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) নেতারাও এ সময় একই দাবি জানান।

রোজিনার বিষয়টি আবেগতাড়িতভাবে না দেখে বাস্তবতার নিরিখে বিচারের জন্য তাদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘মানুষ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়, একজন রোজিনারও ভুল হতে পারে, কিন্তু তিনি যাতে সুবিচার পান এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ডিআরইউ এবং বিএসআরএফ দুই সংগঠনের নেতাদের মূল দাবি হচ্ছে, রোজিনা ইসলামের ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি নয়, একটি নিরপেক্ষ কমিটি গঠন। আমি এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’

‘গতকাল (বুধবার) আমি বিস্তারিত বক্তব্য দিয়েছি, সেখানে বলেছি, সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সেজন্য আমি প্রথম থেকেই চেষ্টা করে এসেছি এবং আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বিএসআরএফ সভাপতি তপন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 May 2021

রোজিনা যাতে সুবিচার পান সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে:তথ্যমন্ত্রী

chitrodesh.com