প্রধান সংবাদবিনোদন

নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজ ফ্ল্যাটের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। কালীপূজার আগের দিন আবাসিক এলাকায় অবৈধ বাজি বিক্রি বন্ধ করার পর অভিনেত্রীর সঙ্গে তার আবাসনের ফেসিলিটি ম্যানেজারের সমস্যা শুরু হয়। শ্রীলেখা নিজেই ভিডিও বার্তায় এসব অভিযোগ তুলে ধরেছেন।

শ্রীলেখা জানিয়েছেন, ঝামেলার সূত্রপাত ১৯ অক্টোবর থেকে। বহুতল আবাসনের নির্দিষ্ট একটি জায়গায় বাজি বিক্রি দেখার পর তিনি প্রতিবাদ জানিয়ে পুলিশকেও খবর দেন। পুলিশ অভিযান চালানোর পর থেকে তার নিরাপত্তা ও সুবিধা নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ। শ্রীলেখা বলেন, আমার ফ্ল্যাটের জন্য ধার্য খরচ দেওয়ার পরও কোনো নিরাপত্তা বা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না।

অভিনেত্রী আরও অভিযোগ করেন, নিয়মিত আবর্জনা নেওয়া সত্ত্বেও বেশ কিছু দিন ধরে তার ফ্ল্যাটের আবর্জনা সংগ্রহ বন্ধ করে দেওয়া হয়েছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলেখা ফ্ল্যাটের সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেন, যা নিয়েও ফেসিলিটি ম্যানেজার বাধা দিয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, যেসব লোক সিসিটিভি লাগিয়েছেন, তাদেরও হুমকি দিয়েছে। আমার নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করার হুমকি দিচ্ছেন।

শ্রীলেখা মনে করিয়ে দেন, আমি অন্যায় দেখেও চোখ বন্ধ করিনি, তাই আজ এই সমস্যার মুখোমুখি। একজন মহিলা একা থাকলে হেনস্থা সহজ—তাই আমি সতর্ক।

শ্রীলেখা মিত্র জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই পুলিশ ও করপোরেশনে বিষয়টি জানিয়েছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, আমি শিল্পী মানুষ, অশান্তি চাই না। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে নিজের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া উপায় নেই।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 October 2025

নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলেখা মিত্র

chitrodesh.com