চিত্রদেশ

নায়িকা মৌসুমীর আমন্ত্রণে ছুটে এলেন ছাত্রলীগ ও ডাকসুর নেতারা

স্টাফ রিপোর্টার:
চিত্রনায়িকা মৌসুমী। দর্শকের ভালোবাসায় তিনি প্রিয়দর্শিনী হয়ে আছেন। নব্বাই দশকের মাঝামাঝিতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে শুরু করে আজ অবধি পথ চলছেন তিনি মুগ্ধতা ছড়িয়ে।

প্রায় তিন দশকের ক্যারিয়ারে অভিনয়ের মুন্সিয়ানায় জয় করেছেন কোটি মানুষের মন। দেশের গণ্ডি পেরিয়ে তার ভক্ত ছড়িয়ে আছে বাঙালি অধ্যুষিত বিশ্বের নানা প্রান্তে। ইউনিসেফের শুভেচ্ছাদূত এই অভিনেত্রীর ভক্ত সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

সেই তালিকায় আছেন অনেক রাজনীতিবিদও। বিশেষ করে নতুন প্রজন্মের রাজনীতিপ্রিয় নেতাকর্মীদের কাছে মৌসুমীর গ্রহণযোগ্যতা অনেক। তারই প্রমাণ মিললো গতকাল ৯ ডিসেম্বর, সোমবার।

মৌসুমীর আমন্ত্রণে সাড়া দিয়ে তার বাসায় হাজির হয়েছিলেন ছাত্রলীগ ও ডাকসুর একঝাঁক নেতাকর্মী। মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি ঘরোয়া আড্ডার আয়োজন করেছিলেন মৌসুমী। সেখানে আমন্ত্রণ পেয়ে ছুটে এসেছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাদের খান, বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আরও ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের উপ-সম্পাদক মাজহারুল ইসলাম শয়ন, তিলোত্তমা শিকদার, ইশরাত জাহান নূর ইভা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান প্রমুখ।

ওমর সানি বলেন, ‘এটা একটা গেট টুগেদার ছিল। মৌসুমীর আয়োজনে। সবাই এসেছিলেন আন্তরিকতা থেকে। খুব ভালো সময় কেটেছে।’

প্রসঙ্গত, বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন প্রিয়দর্শিনী মৌসুমী। আগ্রহী হয়েছেন রাজনীতিতে। গত সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন এই অভিনেত্রী। সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও ছিলেন সভাপতি প্রার্থী।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 December 2019

নায়িকা মৌসুমীর আমন্ত্রণে ছুটে এলেন ছাত্রলীগ ও ডাকসুর নেতারা

chitrodesh.com