অপরাধ ও আইনপ্রধান সংবাদ

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: চালক শহীদ মিয়া গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রধান আসামি বাসের চালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ শনিবার (০২ জানুয়ারি) ভোর ৬টায় ঢাকা থেকে সুনামগঞ্জে এসে নামার সময় পুরাতন বাসস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, চালক শহীদ মিয়াকে সিআইডি পুলিশ নানা কৌশলে ঢাকা থেকে সুনামগঞ্জে এনে শনিবার সকাল ৬টায় গ্রেফতার করেছে। তাকে এখনও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

এ ঘটনায় এর আগে গত ২৭ ডিসেম্বর গভীর রাতে হেলপার রশিদ আহমদকে ছাতকের বুরাইরগাঁও থেকে গ্রেফতার করে পুলিশ।

গত ২৬ ডিসেম্বর বিকেলে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাচ্ছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এসে যাত্রীবাহী ওই বাসে একা হয়ে যান ওই ছাত্রী। অন্য যাত্রীরা নেমে যান। এসময় চালক ও তার সহকারী কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফ দেন।

পরে স্থানীয়রা তাকে সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই হাসপাতালে নেন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পুলিশ বাসটি জব্দ করে।

এ ঘটনায় ওইদিন রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও তার সহকারী রশিদ আহমদকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 January 2021

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: চালক শহীদ মিয়া গ্রেফতার

chitrodesh.com