প্রধান সংবাদ

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। এতে প্রতিদিনই মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত আরও ৪৬ জন মারা গেছেন। ফলে সেখানে করোনাভাইরাসে মৃতের সংখা বেড়ে ২৫৯য়ে গিয়ে দাঁড়ালো।

শনিবার চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

চীনা স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। ফলে ওই ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত মোট ২৫৯ জনের মৃত্যু হলো। মাত্র একদিন আগেই চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা ২১৩ বলে জানানো হয়েছিলো।

চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১১ হাজার ৭শ ৯১ জন। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন আরো ১ লাখ ২০ হাজার মানুষ।

করোনাভাইরাসে মৃত বা আক্রান্তদের বেশিরভাগই হুবেই প্রদেশের উহান শহরের বাসিন্দা। গত মাসের শেষ নাগাদ এই শহর থেকেই উদ্ভব হয়েছে এই মরণঘাতী ভাইরাস। এরপর এটি চীনের সীমানা পেরিয়ে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিশ্বের ১৮টি দেশের ১শ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

করোনাভাইরাসের মোকাবিলায় বৃহস্পতিবার রাতে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে হু। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক ট্রেন্ডস অ্যাডানোম গ্রেবিয়াসুস এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এ ঘোষণার মাধ্যমে দুর্বল স্বাস্থ্যসেবার দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং তাদের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব হবে বলেও হু প্রধান জানান।

এদিকে এই ভয়াবহ ভাইরাস ঠেকাতে মার্কিন সীমান্তে কড়াকড়ি সতর্কতা আরোপ করা হয়েছে। চীন ফেরত কোনো বিদেশিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এর আগে শুক্রবার চীনের মেইনল্যান্ডে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে সেখানকার তিনটি প্রধান বিমান সংস্থা।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 February 2020

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯

chitrodesh.com