প্রধান সংবাদ

আনিসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার:
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন) তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তার ছেলে আনন্দ জামান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বাবার মরদেহ রাতে হাসপাতালের মর্গে রাখা হবে। জানাজা ও কোথায় দাফন করা হবে সে বিষয়ে আগামীকাল জানানো হবে।

বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক ড. আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতার পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বিশিষ্ট এই লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শেষ করে অবসরে যান।

২০১৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ পেয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। নিজের বর্ণাঢ্য কর্মজীবনে নানা সফলতা পেয়েছেন এ গুণী শিক্ষক।

মওলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউট অব এশিয়ান স্টাডিজ (কলকাতা), প্যারিস বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো ছিলেন আনিসুজ্জামান এ কৃতি শিক্ষক। এছাড়াও তিনি নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমীর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ রয়েছে তার। গবেষক ও সাহিত্যিক হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 May 2020

আনিসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

chitrodesh.com