আন্তর্জাতিকপ্রধান সংবাদ

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের টিকা নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার তিনি লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নেন, যেখানে তিনি গত বছর করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়েছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাম বাহুতে অক্সফোর্ডের তৈরি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন, যে টিকা নিয়ে গত কয়েকদিন ধরে বিশ্বে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা চলছে। অক্সফোর্ডের টিকা নিলে রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যু হতে পারে এমন তথ্যের পর ইউরোপের বেশ কয়েকটি দেশ সে দেশে অক্সফোর্ডের টিকাদান স্থগিত করে দেয়।

আরেকটি ছবিতে বরিস জনসনকে টিকা নেয়ার পর তার দুই হাত সম্প্রসারিত করতে দেখা যায়। টিকা নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আক্ষরিকভাবে তেমন কিছু অনুভব করিনি। খুব ভালোভাবে টিকা নিয়েছি। এর প্রক্রিয়া ছিল খুব সুন্দর ও দ্রুত।’

জনগণকে টিকা নেয়ার বিষয়ে বলেন, ‘প্রত্যেকেই যখনই আপনি টিকার জন্য ম্যাসেজ পাবেন, দয়া করে টিকাকেন্দ্রে যান এবং এটা গ্রহণ করুন। এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য তথা সবার জন্য মঙ্গলজনক।’

ইউরোপের বিভিন্ন দেশ সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা প্রয়োগ স্থগিত করেছে- এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘শুধুমাত্র আমার কথা শুনতে হবে তা নয়; বিজ্ঞানীদের কথা শুনুন… ঝুঁকি হলো করোনাভাইরাস। এখন টিকা নেয়ায় বুদ্ধিমানের কাজ।’

এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী অফিস জানিয়েছিল, ৫৬ বছর বয়সী প্রধানমন্ত্রী বরিস জনসন খুব দ্রুত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা গ্রহণ করবেন। যখনই অক্সফোর্ডের টিকা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় তখনই প্রধানমন্ত্রী অফিস থেকে এই ঘোষণা আসে। এরপর আজ তিনি করোনাভাইরাসের টিকা নিলেন।

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 March 2021

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন বরিস জনসন

chitrodesh.com