প্রধান সংবাদ

ঢাকায় এলো মেট্রোরেলের রেপ্লিকা কোচ

স্টাফ রিপোর্টার:
রাজধানীবাসীকে মেট্রোরেল সম্পর্কে ধারণা দিতে প্রদর্শনের জন্য একটি কোচের রেপ্লিকা জাপান থেকে ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের ডিপোতে নমুনা কোচটি খোলা হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি যাত্রী পরিবহনের জন্য নয়। বাংলাদেশে ইতিপূর্বে মেট্রোরেল ছিল না। মানুষকে ধারণা দিতেই রেপ্লিকা কোচ ডিপোতে বসানো হবে।

এ বিষয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, এটি রাখা হচ্ছে যাতে মানুষ জানতে পারে ট্রেনে কীভাবে টিকিট কাটতে হবে, কীভাবে উঠতে হবে, দরজা কোন দিকে, কীভাবে নামতে হবে। এখানে সম্পূর্ণ ট্রেন থাকবে না, একটা অংশ থাকবে। তিনি জানান, আগামী মার্চে তথ্য কেন্দ্রটি সবার জন্য খুলে দেয়া হবে। তবে তারিখ এখনও ঠিক করা হয়নি।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি থেকে তৈরি করিয়ে আনা ওই নমুনা কোচটি দেখতে মূল কোচগুলোর মতোই। মূল কোচগুলো আগামী ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছাবে।

বাংলাদেশে আসার পর এগুলো পরীক্ষামূলকভাবে চালানো হবে। অপারেশন কন্ট্রোল সেন্টারের সঙ্গে মিল রেখে চলতে পারছে কিনা তা দেখতে ট্রায়াল রান চলবে। এভাবে একটা একটা করে ট্রেন আসবে এবং ট্রায়াল রানের মাধ্যমে প্রস্তুতি সারা হবে।

উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল-৬ বাস্তবায়নে খরচ হচ্ছে ২২ হাজার কোটি টাকা, যার ৭৫ শতাংশ ঋণ হিসেবে দিচ্ছে জাপান সরকারের সহযোগিতা সংস্থা জাইকা।

২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু করা যাবে বলে আশা করছে সরকার।

 

চিত্রদেশ //এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 February 2020

ঢাকায় এলো মেট্রোরেলের রেপ্লিকা কোচ

chitrodesh.com