প্রধান সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি আজ

নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হবেন শিক্ষার্থীরা। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

এতে বলা হয়, ১৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করা হবে। সারা দেশের সব ছাত্র-জনতাকে এ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি উত্থাপন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

দাবিগুলো হলো :
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

এদিকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা।

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 August 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি আজ

chitrodesh.com