প্রধান সংবাদ

তথ্য থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করল আওয়ামী লীগ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথগ্রহণ করেছেন। পাশাপাশি তাদের মন্ত্রণালয় বণ্টন করে দেওয়া হয়েছে। এরমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ড. হাছান মাহমুদ। পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় ডাক পান আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক।

২০০৯-২০১৩ সময়কালে তিনি পরিবেশ ও বন মন্ত্রী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রী হিসেবে তার নিয়োগের পূর্বে ড. হাছান মাহমুদ একই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেু সংসদ সদস্য হওয়ার পর ৭ জানুয়ারি ২০১৯ থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এদিকে পূর্ণমন্ত্রীর তালিকায় থাকা আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়, আনিসুল হক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়, মুহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ডা. দীপু মনি সমাজকল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, আবদুস সালাম পরিকল্পনা মন্ত্রণালয়, ফরিদুল হক খান ধর্মবিষয়ক মন্ত্রণালয়, উবায়দুল মোকতাদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, নারায়ন চন্দ্র চন্দ ভূমি মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মো. আব্দুর রহমান মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মো. আব্দুস শহীদ কৃষি মন্ত্রণালয়, ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সামন্ত লাল সেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়, জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়, ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়, নাজমুল হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পাশাপাশি প্রতিমন্ত্রীর তালিকায় থাকা ১১ জনের মধ্যে নসরুল হামিদ বিদ্যুৎ বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়, বেগম সিমিন হোসেন রিমি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, মো. মহিববুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেগম রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ মন্ত্রিসভা শপথ নিয়েছিল। সেই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪৭ জন সদস্য ছিলেন। এর মধ্যে মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন ছিলেন।

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 January 2024

তথ্য থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে হাছান মাহমুদ

chitrodesh.com