প্রধান সংবাদ

আতিক-তাবিথসহ প্রতীক পেলেন উত্তরের ৬ মেয়রপ্রার্থী

স্টাফ রিপোর্টার:
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ করেছেন এই সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। প্রতীক হাতে প্রার্থীরা নির্বাচনে প্রচারে নামবেন আজ থেকেই।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) তাদেরকে প্রতীক বরাদ্দ করা হয়।

আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন ‘নৌকা’ এবং বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ‘ধানের শীষ’ প্রতীক। তাদের প্রতিনিধিরা এসে প্রতীক গ্রহণ করেছেন।

এছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান পেয়েছেন বাঘ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন হাতপাখা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন আম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক পেয়েছেন কাস্তে প্রতীক।

প্রতীক বরাদ্দ শেষে আবুল কাসেম বলেন, ‘আজ থেকে ভোটের যুদ্ধ চলে যাচ্ছে মাঠে। এই মাঠকে কোনো ক্রমেই আমরা ঘোলাটে করতে দেব না। আমার জীবনে সবসময় অনুরোধ করে আসছি, কখনো নির্দেশ কথাটা বলি না। কিন্তু রিটার্নিং কর্মকর্তা হিসেবে বলতেই হচ্ছে।’

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘নির্বাচন একটা উৎসব। এটাকে কোনো ক্রমেই সংঘর্ষে রূপ নিতে দেব না। মলিন হতে দেব না।’

এরপর এই সিটির সাধারণ আসনের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাঝে প্রতীক তুলে দেয়া হবে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

 

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 January 2020

আতিক-তাবিথসহ প্রতীক পেলেন উত্তরের ৬ মেয়রপ্রার্থী

chitrodesh.com