আন্তর্জাতিক

বিমানে উঠতে গিয়ে তিনবার হোঁচট খেয়ে পড়লেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
এয়ারফোর্স ওয়ান বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়ে সিঁড়িতে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (১৯ মার্চ) একবার-দুবার নয়, পরপর তিনবার এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে হোঁচট খেয়েছেন তিনি। বাইডেন এদিন মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে আটলান্টার উদ্দেশে রওনা হচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, লাল কার্পেটে মোড়া প্লেনের সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছিলেন ৭৮ বছর বয়সী বাইডেন। কিন্তু অর্ধেক পথে গিয়েই প্রথম হোঁচট খান তিনি। এরপর কোনোমতে নিজেকে সামলে নিয়ে আরো দু’পা এগোন। সেখানে দ্বিতীয়বার হোঁচট খান তিনি। এরপর উঠে দাঁড়াতে গিয়ে রীতিমতো হাঁটুতে ভর করে পড়ে যান যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট।

পরে রেলিং ধরে সাবধানে সিঁড়ির বাকি অংশ পাড়ি দেন জো বাইডেন। উপরে উঠে হোয়াইট হাউজ থেকে তাকে হেলিকপ্টারে নিয়ে আসা মেরিন কর্মকর্তাদের স্যালুটও দেন।

বাইডেন সিঁড়িতে এভাবে পড়ে যাওয়ার কারণ হিসেবে প্রবল বাতাসকে দায়ী করেছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, ‘এখানে অনেক বাতাস। আমি নিজেই উপরে উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম।’

হোঁচট খাওয়ার পর বাইডেনকে ডাক্তার দেখানো হয়েছে কিনা জানতে চাইলে হোয়াইট হাউসের এ কর্মকর্তা বলেন, ‘আমি যা জানি- আমি শুধু বলতে পারি, তিনি ভালো আছেন। তিনি বেশ ভালো আছেন।’

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 March 2021

বিমানে উঠতে গিয়ে তিনবার হোঁচট খেয়ে পড়লেন বাইডেন

chitrodesh.com