প্রধান সংবাদ

কেরানীগঞ্জে ডোবায় উল্টে পড়ল তিনতলা ভবন, উদ্ধার ৭

স্টাফ রিপোর্টার:
ঢাকার কেরানীগঞ্জের একটি তিনতলা ভবন পাশের ডোবায় উল্টে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালের দিকে কেরানীগঞ্জের পূর্বাচল খেলার মাঠের পাশের ওই ভবনটি একদিকে কাত হয়ে পাশের ডোবায় উল্টো পড়ে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, উদ্ধার হওয়া ৭ জনের মধ্যে দুজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভেতরে আর কেউ আটকা পড়েছেন কি না, আমাদের কর্মীরা তা দেখছেন।

তিনি জানান, ওই বাড়িতে দুই তলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকতলা তোলা হয়েছিল।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, কী কারণে ভবনটি দেবে গেছে, তা তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিচু জমির কারণে দেবে গিয়ে থাকতে পারে।

এদিকে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজাদী পারভীন তিন্নী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ওই ভবনের আশপাশের ৫টি অপরিকল্পিত বাড়ি সিলগালা করে দেন। একই সঙ্গে সিলগালা ভবনের গ্যাস পানি ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেন।

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 February 2021

কেরানীগঞ্জে ডোবায় উল্টে পড়ল তিনতলা ভবন, উদ্ধার ৭

chitrodesh.com