আন্তর্জাতিকপ্রধান সংবাদ

উত্তাল ভারত: মুখোমুখি পুলিশ-জনতা

আন্তর্জাতিক ডেস্ক:
নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরুদ্ধে ভারতের বিভিন্ন শহরে তুমুল বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যে উত্তরপূর্বের রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে পুলিশ প্রতিবাদকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়েছে। অন্যদিকে বিলের প্রতিবাদে বিক্ষোভকারীরা মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছে। সেখানে উপস্থিত রেলপুলিশ বাহিনীর কর্মীদেরও প্রচণ্ড মারধর করেছে ক্ষিপ্ত জনতা। জেলার বহু সংখ্যালঘু সংগঠন গণ বিক্ষোভের ডাক দেয় বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

এছাড়া শুক্রবার দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, বিতর্কিত এ সিএবি আইনের বিরুদ্ধে উত্তাল ভারতের উত্তরপূর্বের বেশ কয়েকটি রাজ্যে ইন্টারনেট ও মোবাইল পরিসেবা বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে কর্তৃপক্ষ মেঘালয়ে ১২ ঘণ্টার জন্য কারফিউ তুলে নিলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা রাজ্য ভবনের কাছে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লে সংঘর্ষ বেধে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

মোবাইলে তোলা ভিডিওতে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে আহত কয়েকজনকে শিলংয়ের সিভিল হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

সিএবির প্রতিবাদে শুক্রবার দিল্লিতে পার্লামেন্ট ভবন অভিমুখে বিক্ষোভের ডাক দিয়েছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে বাইরে বের হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে গণমাধ্যমকর্মীরাও আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ পরে অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটকের খবর নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় বড় জমায়েতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার আসামে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২ জনের নিহত হওয়ার কথা জানিয়েছে গণমাধ্যমগুলো।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 December 2019

উত্তাল ভারত: মুখোমুখি পুলিশ-জনতা

chitrodesh.com