স্বাস্থ্য কথা

ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সেবা উন্নয়নে এডিবির সঙ্গে চুক্তি সই

স্টাফ রিপোর্টার:
দেশের সরকারি হাসপাতালে ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সেবার উন্নয়নের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। আর এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও পিপিপির পক্ষে প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশনের মহাপরিচালক মো. আবুল বাশার চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষরের আগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, এই চুক্তি থেকে দেশের স্বাস্থ্যখাত উপকৃত হবে। চুক্তিটি যথাযথ বাস্তবায়ন হলে দেশের ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সেবার ক্ষেত্রে বেশ অগ্রগতি আসবে।

এই চুক্তির আওতায় প্রাথমিকভাবে ঢাকার চারটি হাসপাতালের ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সেবা নিয়ে কাজ করা হবে।

সচিব জানান, প্রাথমিকভাবে চারটি হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্টের ওপর কাজ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। সেক্ষেত্রে স্বাস্থ্যশিক্ষা বিভাগ, কমিউনিটি ক্লিনিক, কমিউনিকেটিভ বা নন-কমিউনিকেটিভ ডিজিস, কিডনি, ডায়ালাইসিস সার্ভিসের ওপর জোর দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকার যে চারটি হাসপাতাল থেকে এই সেবা শুরু হবে সেগুলো হলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল।

 

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 December 2019

ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সেবা উন্নয়নে এডিবির সঙ্গে চুক্তি সই

chitrodesh.com