অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

স্বর্ণের দামে পতন, দুই দিনে কমল ৩০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড উচ্চতার পর হঠাৎ পতন হয়েছে। দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। দুই দিনের ব্যবধানে দেশে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার টাকার বেশি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

বাজার সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে বড় ধরনের সামন্বয় করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম শনিবার থেকেই কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে মূল কারণ হচ্ছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৯০ ডলারে নেমে এসেছে, যা গতকাল ৫ হাজার ২০০ ডলারে ছিল। এর আগের দিন বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

দেশের বাজারে সবশেষ দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে কমেছে রুপাও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।

এদিকে, গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়ে।বিশ্ববাজারে সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। পরবর্তীতে গত দুই দিনে প্রতিভরি স্বর্ণে ৩০ হাজার টাকার বেশি দাম কমেছে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 February 2026

স্বর্ণের দামে পতন, দুই দিনে কমল ৩০ হাজার টাকা

chitrodesh.com