অর্থ-বাণিজ্য

সিআইপি হয়েছেন পুঁজিবাজারের সাত কোম্পানির কর্ণধার

স্টাফ রিপোর্টার:
দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে সরকার বিভিন্ন ক্যাটাগরিতে ৪৮ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা দিয়েছে। এর মধ্যে রয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির কর্ণধার। কোম্পানিগুলো হচ্ছে-বিবিএস ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড, আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, ফু-ওয়াং ফুডস লিমিটেড।

এছাড়া প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা মীর আক্তার হোসেন লিমিটেডও এই সম্মাননা পেয়েছে।

শিল্প খাতে ২০১৭ সালের অবদানের প্রেক্ষিতে এই সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানিগুলোর কর্ণধার ও প্রতিনিধিদের হাতে সিআইপি কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান,শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন বিবিএস কেবলসের ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার, বিএসআরএম স্টিলসের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন আকবর আলী,আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান ও বসুন্ধরা পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান সিআইপি কার্ড পেয়েছেন।

মাঝারি শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি কার্ড পেয়েছেন ফু ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী।

বৃহৎ শিল্প (সেবা) ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের মোহাম্মদ রিয়াদ আলী। এছাড়া আইপিওতে আসার প্রক্রিয়ায় থাকা মীর আক্তার হোসেন লিমিটেডের কর্ণধার মীর নাসির হোসেনও এই ক্যাটাগরিতে সিআইপি মনোনীত হয়েছেন।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 November 2019

সিআইপি হয়েছেন পুঁজিবাজারের সাত কোম্পানির কর্ণধার

chitrodesh.com