প্রধান সংবাদ

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার:
সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালে ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

বর্তমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২৯ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন জিল্লুর রহমান। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও ক্রান্তিলগ্নে তার ভূমিকা অবিস্মরণীয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। দল-মত নির্বিশেষে তিনি সবার কাছে সমভাবে গ্রহণযোগ্য ছিলেন। কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর আসন থেকে তিনি ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন।

জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ দলীয় সরকার গঠন হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া, স্বাধীনতার পর তিনি তিন বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ওয়ান-ইলেভেনের সময় দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার হলে জিল্লুর রহমান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তার দৃঢ় নেতৃত্বের কারণে সেই সময় আওয়ামী লীগ নিশ্চিত ভাঙনের হাত থেকে রক্ষা পায়। জিল্লুর রহমানের সহধর্মিনী মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।

 

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 March 2021

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

chitrodesh.com