প্রধান সংবাদবিনোদন

রোববার থেকে জলাশয়ের পরিষ্কার কার্যক্রম, হবে মাছ চাষ : তাপস

স্টাফ রিপোর্টার:
আগামী রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত জলাশয় এবং পরবর্তী রোববার থেকে নর্দমা পরিষ্কার কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাস্তবায়িত ওসমানী উদ্যানের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, আগামী রোববার থেকে জলাশয়গুলো পরিষ্কার করব। এরপর আমরা সেখানে মাছ চাষের ব্যবস্থা করব এবং হাঁস অবমুক্ত করব। যাতে সেখানকার পানি সবসময় সচল থাকে। পরবর্তী রোববার থেকে নর্দমাগুলোর পরিষ্কার কার্যক্রম শুরু করব। এগুলো পরিষ্কারের মাধ্যমে রাজধানীর জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশক নিধনেও কার্যকর ভূমিকা রাখবে।

এমন আরও অনেক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে আমরা সেসব কার্যক্রম বাস্তবায়ন করব। আশা করি, এর মাধ্যমে ঢাকাবাসী পরিবর্তনের প্রতিফলনটা শিগগিরই উপলব্ধি করতে পারবেন।

ওসমানী উদ্যান উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে শ্লথগতির জন্য উষ্মা প্রকাশ করেন মেয়র তাপস। এ কার্যক্রমে গতি আনতে নতুন কিছু দিকনির্দেশনাও দেন তিনি।

মেয়র পরে বংশালের বাংলাদেশ মাঠের উন্নয়ন কাজে গৃহীত প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন এবং আগামী তিন মাসের মধ্যে প্রকল্পের কাজ শতভাগ শেষ করার নির্দেশ দেন।

ডিএসসিসি মেয়রের সঙ্গে এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোহাম্মদ ইমদাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 June 2020

রোববার থেকে জলাশয়ের পরিষ্কার কার্যক্রম, হবে মাছ চাষ : তাপস

chitrodesh.com