অর্থ-বাণিজ্য

রপ্তানি খাতের জন্য ৫ হাজার কোটি টাকা প্রণোদনা

স্টাফ রিপোর্টার:
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবেলায় দেশের রপ্তানিমুখী খাতের শ্রমিকদের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় সরকারের প্রস্তুতি তুলে ধরে এই ঘোষণা দেন তিনি।

বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকরাই এই প্যাকেজের সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের শিল্প উৎপাদন এবং রপ্তানি বাণিজ্যে আঘাত আসতে পারে। এই আঘাত মোকাবেলায় আমরা কিছু আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি বলেন, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এ তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে।

নভেল করোনাভাইরাসে গোটা বিশ্বের অর্থনীতিই এখন বিপর্যস্ত; যার প্রভাবে বাংলাদেশের পোশাক রপ্তানি শূন্যে নেমে আসার আশঙ্কা প্রকাশ করছেন এখাতের উদ্যোক্তারা।

বাংলাদেশে রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক থেকে।

শিল্পোদ্যোক্তার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যবসায়-বান্ধব বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক আগামী জুন মাস পর্যন্ত কোন গ্রাহককে ঋণ খেলাপি না করার ঘোষণা দিয়েছে।

রপ্তানি আয় আদায়ের সময়সীমা ২ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা হয়েছে। একইভাবে আমদানি ব্যয় মেটানোর সময়সীমা ৪ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা হয়েছে।

এছাড়া সাধারণ মানুষের সুবিধায় মোবাইলে ব্যাংকিংয়ে আর্থিক লেনদেনের সীমা বাড়ানো; বিদ্যুৎ, পানি এবং গ্যাস বিল পরিশোধের সময়সীমা সারচার্জ বা জরিমানা ছাড়া জুন মাস পর্যন্ত বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী।

এনজিওগুলোর ঋণের কিস্তি পরিশোধ সাময়িক স্থগিত করার কথাও তিনি বলেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 March 2020

রপ্তানি খাতের জন্য ৫ হাজার কোটি টাকা প্রণোদনা

chitrodesh.com