প্রধান সংবাদসারাদেশ

মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ ও গোলাগুলি, আহত ২৫

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শেখ বংশের নেতৃত্বে রয়েছেন মাহবুবুর রহমান শেখ ও ইসরাইল শেখ, অন্যদিকে মোল্যা বংশের নেতৃত্বে আছেন খায়রুল মোল্যা।

গত শনিবার ঈদের দিন মাংস ভাগাভাগি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। শেখ বংশের লোকজন মাংস ভাগ করে নিলেও মোল্যা বংশের সমর্থক সালমানকে অংশ না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। এরই জেরে সোমবার রাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় শটগানের গুলিও ছোড়া হয়।

সংঘর্ষে মোল্যা বংশের অন্তত ১০ জনসহ শেখ বংশের কয়েকজন সদস্য আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতাল এবং খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১৪ জনের শরীরে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

নড়াইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 March 2026

মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ ও গোলাগুলি, আহত ২৫

chitrodesh.com