অপরাধ ও আইনপ্রধান সংবাদ

মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এছাড়াও রিটে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হবে।

আজ (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার বলেন, ‘বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিটটি আজ শুনানির জন্য উপস্থাপন করা হবে। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটের পক্ষে আদালতে শুনানি করবেন।’

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যার বাড়ছে। এখন পর্যন্ত এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন দগ্ধ ১১ জন।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ হন ৩৭ জন মুসল্লি। তাদের ঢাকা মেডিক্যাল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকি ১১ জনের অবস্থাও আশঙ্কাজনক।

গত ৬ সেপ্টেম্বর এই ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এসব প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে আদালত প্রতিবেদনগুলো পর্যালোচনা করে আইনজীবীকে রিট আবেদন করতে বলেন।

চিত্রদেশ //এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 September 2020

মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট

chitrodesh.com