প্রধান সংবাদ

বৈধ কাগজপত্র না পেলে বন্ধ হতে পারে হেলেনার জয়যাত্রা টিভি

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের কার্যালয়ে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত ২টা থেকে অভিযান চলে। অভিযানের নেতৃত্বে ছিলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

তিনি অভিযান শেষে জানান, জয়যাত্রা টেলিভিশনের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তবে সম্প্রচার চ্যানেল হিসেবে যা যা থাকার প্রয়োজন তার সবকিছুই রয়েছে। এ বিষয়ে তদন্ত করে সিদ্ধান্ত নেয়া হবে। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র পাওয়া না যায় তাহলে বন্ধ করে দেয়া হবে চ্যানেলটি।

র‌্যাবের নির্বাহী এ ম্যাজিস্ট্রেট আরও জানান, চ্যানেলটিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বাণিজ্যের অভিযোগটিও তদন্ত করা হচ্ছে। এছাড়া বিটিআরসি কিংবা তথ্য মন্ত্রণালয় থেকে মামলা হতে পারে চ্যানেলটির নামে।

এর আগে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। এ সময় বাসা থেকে বিদেশি মদ ও মুদ্রা, হরিণের চামড়া, ক্যাঙ্গারুর চামড়া, ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে গুলশান ২ নম্বরে হোটেল ওয়েস্টিনের পেছনে ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাসায় এ অভিযান চালানো হয়। প্রায় চার ঘণ্টা অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এসব তথ্য জানান।

গত রোববার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 July 2021

বৈধ কাগজপত্র না পেলে বন্ধ হতে পারে হেলেনার জয়যাত্রা টিভি

chitrodesh.com