প্রধান সংবাদ

বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে জানান তিনি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেওয়া অভিভাষণে এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারক অংশগ্রহণ করেন।

জরুরী ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়ে প্রধান বিচারপতি বলেন, দ্রুত এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি ছাড়াও বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের।

শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে ১০ আগস্ট নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন। তারই স্থলাভিষিক্ত হলেন সৈয়দ রেফাত আহমেদ।

সৈয়দ রেফাত আহমেদের জন্ম ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর। তিনি বাংলাদেশের প্রথিতযশা সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ও ড. সুফিয়া আহমেদের ছেলে। ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতির মা।

ইশতিয়াক-সুফিয়া দম্পতির দুই সন্তানের মধ্যে প্রথম সন্তান সৈয়দ রেফাত আহমেদ।

নবনিযুক্ত প্রধান বিচারপতির পিতা ইশতিয়াক আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০০১ সালে তিনি দ্বিতীয়বার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে আইন বিচার ও সংসদ বিষয়ক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 September 2024

বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে: প্রধান বিচারপতি

chitrodesh.com