প্রধান সংবাদ

পদ ছাড়লে প্রার্থী হতে পারবেন দুই মেয়র

স্টাফ রিপোর্টার:
আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চাইলে ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান দুই মেয়রকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে হবে। তবে এ ক্ষেত্রে কাউন্সিলররা নিজ পদে থেকেই নির্বাচন করতে পারবেন।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, আগামী ৩১ ডিসেম্বর হচ্ছে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। তাই প্রার্থী হতে চাইলে এর আগেই মেয়র সাঈদ খোকন ও আতিকুল ইসলামকে পদত্যাগপত্র জমা দিতে হবে।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক বিশেষ পরিপত্রে বলা হয়েছে, ‘সিটি করপোরেশন একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বিধায় সিটি করপোরেশনের মেয়র পদটিকে হাইকোর্ট লাভজনক পদ হিসেবে ঘোষণা করেছে। কাজেই স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, মেয়র পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে ওই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে, তাকে ওই পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হতে হবে। কাউন্সিলর পদধারীরা লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত নয় বলে তাদের পদে থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।’

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 December 2019

পদ ছাড়লে প্রার্থী হতে পারবেন দুই মেয়র

chitrodesh.com