পজিটিভ বাংলাদেশ

নাহিদা হাবিবাসহ ৫ শ্রেষ্ঠ জয়িতা পেল বিভাগীয় সম্মাননা

স্টাফ রিপোর্টার:

জীবনযুদ্ধে সফল এক জয়িতা নারী অষ্টমী মালো। সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামের জন্ম নেওয়া প্রতিবন্ধী জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে আজ তিনি সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন, হয়েছেন স্বাবলম্বী। নিজে চাকুরি করে সন্তানের সুশিক্ষা নিশ্চিত করে চলেছেন। পিছিয়ে পড়া প্রতিবন্ধী নারীদের জন্য প্রতিষ্ঠা করেছেন বেসরকারি জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা।

কৈশোরে পাচারের শিকার যশোরের আয়শা সিদ্দিকা কিংবা জীবন সংগ্রামে সফল নারী বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা নাহিদ হাবিবার মতো খুলনা বিভাগের ৫ জন জয়িতা নারীকে মঙ্গলবার সম্মাননা দিলো খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়।

খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা তুলে দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে খুলনার ফুলতলা উপজেলার জাহানারা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী খুলনার ফুলতলা উপজেলার সৈয়দা নাহিদা হাবিব, সফল জননী ক্যাটাগরীতে মমতাজ বেগম, যশোরের মণিরামপুর উপজেলার আয়শা সিদ্দিকা এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় বাগেরহাট সদরের আম্বিয়া খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, এই নারীরা আজ তাদের যোগ্য অবস্থানে প্রতিষ্ঠিত। এগিয়ে যাওয়া নারীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। নারীরা এখন নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হচ্ছেন। সকল ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বেড়েছে। এখন সরকার তৃণমূল থেকে নারীদের তুলে এনে বিভিন্ন কাজে সম্পৃক্ত করছে।

খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দোকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুল হক খান এবং খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন। স্বাগত জানান মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা কার্যালয়ের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কারের নগদ অর্থ প্রদান করা হয়।

 

চিত্রদেশ //এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 March 2020

নাহিদা হাবিবাসহ ৫ শ্রেষ্ঠ জয়িতা পেল বিভাগীয় সম্মাননা

chitrodesh.com