প্রধান সংবাদ

দুষ্কৃতকারীদের অন্য পরিচয় থাকতে পারে না: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তারা দুর্বৃত্ত ও দুষ্কৃতকারী। তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। এ ধরনের অপকর্ম করে রাজনীতি করার অবকাশ নেই।’

সোমবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক শিশুতোষ গ্রন্থ ‘আমি হবো আগামী দিনের শেখ হাসিনা’ এর প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য সচিব কামরুন্নাহার উপস্থিত ছিলেন।

সরকারের জবাবদিহিতার অভাবে খুন-ধর্ষণ বাড়ছে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত, যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তারা দুষ্কৃতকারী। সরকার দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। ইতোপূর্বে এ ধরনের যেসব ঘটনা ঘটেছে তার অনেকগুলোতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, অনেক শাস্তি কার্যকরও করা হয়েছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘এরকম ঘটনা আগে ঘটেনি, তা কিন্তু নয়। আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন ব্যাপকতা ছিল না। তাই অনেক ঘটনাই আড়ালে থেকে যেত। এখন বেশিরভাগ ঘটনা আড়ালে থাকে না। প্রায় সব ঘটনাই প্রকাশ্যে চলে আসে। এ বিষয়টি ভালো। তাই যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়গুলো তুলে ধরছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এতে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহজ হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।‘

চিত্রদেশ//এল/

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 October 2020

দুষ্কৃতকারীদের অন্য পরিচয় থাকতে পারে না: তথ্যমন্ত্রী

chitrodesh.com