অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

ঢাকা উত্তর সিটিতে ৫ হাজার কোটি টাকার বাজেট পাস

স্টাফ রিপোর্টার:
২০২১-২২ অর্থবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৪ হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পাস করা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সোমবার ডিএনসিসির দ্বিতীয় পরিষদের সপ্তম করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে এ বাজেট পাস হয়েছে।

বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে একটি সময়োপযোগী ও চমৎকার বাজেট উপহার দেওয়ায় সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এ সময় ডিএনসিসি মেয়র বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা নগরী গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনা মহামারির মধ্যে রয়েছে। তাই করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জুম প্ল্যাটফর্মে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে করোনা পরিস্থিতি মোকাবিলা করে জনকল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের প্রশংসা করেন।

এছাড়াও তিনি ডিএনসিসি মেয়রের নেতৃত্বে চলমান এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী তার বক্তব্যে নগরীর প্রত্যেকটি রাস্তার পৃথক আইডি নম্বর ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়েও আলোকপাত করেন।

করপোরেশন সভায় জুম প্ল্যাটফর্মে অন্যান্যের মধ্যে ডিএনসিসির বিভাগীয় প্রধান এবং কাউন্সিলররা সংযুক্ত ছিলেন।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 July 2021

ঢাকা উত্তর সিটিতে ৫ হাজার কোটি টাকার বাজেট পাস

chitrodesh.com