প্রধান সংবাদ

করোনা থেকে সুস্থ হয়েছেন ৮০ বছরের বৃদ্ধ: আইইডিসিআর

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসে আক্রান্ত আরো ৪ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এরমধ্যে ৮০ বছরের এক বৃদ্ধও রয়েছেন। অন্য দুজনের বয়সও ৬০ বছরের ওপরে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৩ ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে।

মীরজাদী সেব্রিনা বলেন, সর্বশেষ সুস্থ হওয়া চার ব্যক্তির কারও কারও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছিল। এরপরও তারা সুস্থ হয়ে উঠেছেন।

আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে, তার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আজ পর্যন্ত দেশে মোট ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন পাঁচজন।

মীরজাদী জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে থাকা ৩৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২৫টি কল এসেছে আইইডিসিআরে।

মীরজাদী সেব্রিনা বলেন, গত দুই দিন কোনো শনাক্ত না থাকায় কেউ হয়তো মনে করছেন বাংলাদেশ ঝুঁকিমুক্ত হয়ে গেছে। আমরা ঝুঁকিমুক্ত হয়ে গেছি, তা বলা যাবে না। এটা বৈশ্বিক সমস্যা। যত দিন সারা বিশ্বে শূন্যের কোটায় না আসবে, তত দিন প্রতিটি প্রতিরোধ কার্যক্রম অনুসরণ করতে হবে।

জনগণের প্রতি অনুরোধ জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, আপনাদের সবার অংশগ্রহণ অনুরোধ করছি। আপনাদের ঘরের ভেতর থাকা অত্যন্ত জরুরি। সরকার যেসব আদেশ-নির্দেশনা দিয়েছে, সেগুলো পালন করুন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করে বের হোন।

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 March 2020

করোনা থেকে সুস্থ হয়েছেন ৮০ বছরের বৃদ্ধ: আইইডিসিআর

chitrodesh.com