অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৬ জুন) দুপুর ২টায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেন মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আবদুল হামিদ সোহাগ।

আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক জানান, তি‌নি চি‌কিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গে‌ছেন। ক‌রোনায় আক্রান্ত ছি‌লেন।

জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ সেলিম দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ট্রেডিং ব্যবসায় অর্জন করেন বিশেষ দক্ষতা। সেলিম সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং মেট্রোপলিটন এডুকেশন প্রোমোর্টার্স লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি বস্ত্র ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। ব্যবসা-বাণিজ্যের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ছিল তার।

সেলিম শরীয়তপুর জনকল্যাণ সমিতি ও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আজীবন সদস্য, শরীয়তপুর শিক্ষা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মেম্বার, আব্দুর রাজ্জাক এবং মোহা. সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান।

এদিকে, শুক্রবার ভোর ৫টার দিকে ক‌রোনাভাইরা‌সে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বগুড়া শাখার কর্মকর্তা এ কে এম শাহজাহান আলী (৫৫) মারা গেছেন।

ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত ব্যাংকার আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৪ জনের। এর মধ্যে সোনালী ব্যাংকের ছয়জন, রূপালী ব্যাংকের দুজন, দি সিটি ব্যাংকের তিনজন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার একজন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার একজন, জনতা ব্যাংকের তিনজন, ন্যাশনাল ব্যাংকের একজন, অগ্রণী ব্যাংকের একজন ও ডাচ-বাংলা ব্যাংকের দুজন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন। কেন্দ্রীয় ব্যাংকের একজন এবং এক্সিম ব্যাংকের একজন কর্মকর্তাও এ তালিকায় রয়েছেন।

 

চিত্রদেশ //এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 June 2020

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

chitrodesh.com